বিগত দুটি সরকার সময়মতো হামের টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করায় হামের পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, শহর ও গ্রামের মধ্যে চিকিৎসা ব্যবস্থার বৈষম্য দূর করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষায়িত চিকিৎসা সেবা শুধু রাজধানীতে সীমাবদ্ধ না রেখে জেলা-উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাগরিকদের জন্য ‘ই-হেলথ কার্ড’ ও স্বাস্থ্যবিমা চালুর কথাও তিনি বলেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করবে।
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

