সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা সংস্করণের একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সংবিধানের অধীনেই তিনি প্রথম শপথ গ্রহণ করেছেন, তাই একই কাঠামোর অধীনে দ্বিতীয়বার শপথ নেওয়া তার মতে আইনগতভাবে সাংঘর্ষিক ও অযৌক্তিক।
রুমিন ফারহানা বলেন, সংবিধান পরিবর্তনের সুস্পষ্ট রাজনৈতিক ও আইনি কাঠামো না থাকলে নতুন করে শপথ নেওয়ার যৌক্তিকতা তৈরি হয় না। তার মতে, যদি শুরু থেকেই একটি নতুন সাংবিধানিক কাঠামো ঘোষণা করা হতো, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা যেত।
তিনি আরও বলেন, দ্বিতীয়বার শপথ নিলে প্রথম শপথের আইনগত গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, যা তার কাছে গ্রহণযোগ্য নয়।
সংবিধান ও রাষ্ট্রীয় প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর প্রয়োগ ও অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়েও নানা প্রশ্ন রয়েছে, যা ভবিষ্যতে আইনি পর্যালোচনার বিষয় হতে পারে।
তবে বাস্তবতার দিক বিবেচনায় যেটি ইতোমধ্যে ঘটেছে, সেটিকে পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা।

