গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, উত্তম দাসসহ আরও অনেকে। এছাড়া সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির নেতারাও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনায় বিচার দীর্ঘসূত্রতায় ঝুলে থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা জরুরি।
সমাবেশ থেকে সাংবাদিক জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের আহ্বান জানান বক্তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মোঃখায়রুল ইসলাম।

