আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ, একটি প্রাইভেট কার এবং এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে মহানন্দা ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবক আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় একটি ২৩৫০ সিসির ‘অ্যাকর্ড’ প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয় এবং গাড়ির চালক শুভকে আটক করা হয়।
একই সময়ে অপর একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল একই সিরাপ জব্দ করে।
দুই অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দ মাদক ও গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

