বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন।
নববর্ষ উপলক্ষে নিজের ফেসবুক পেজে একটি পুরোনো ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় একটি পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি কবিতা আবৃত্তি করছেন এবং পেছনে বসে তা শুনছেন খালেদা জিয়া।
ক্যাপশনে মির্জা ফখরুল লিখেছেন, ছবিটি একটি বৈশাখী অনুষ্ঠানের স্মৃতি বহন করে। তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়াকে তিনি সবসময় স্মরণ করেন এবং তার জন্য দোয়া করেন।
এদিকে নববর্ষ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ অতীতের ব্যর্থতা ও জীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ জাতীয় জীবনের আনন্দ ও ঐক্যের প্রতীক, যা সবাইকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।

