কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত এলাকায়। আটকরা হলেন নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।
বিজিবির তথ্য অনুযায়ী, রোববার রাতে তারা আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৭-এর কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলায় প্রবেশ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ তাদের আটক করে।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক জানান, আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

