চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় জুমার নামাজের পর মসজিদে ইমামের সঙ্গে কমিটির সেক্রেটারির বাগ্বিতণ্ডার জেরে মারধরের অভিযোগ উঠেছে। এতে ইমামের নাক ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ এপ্রিল) হযরত আবু বকর ছিদ্দিক (র.) জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন মোস্তফা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমাম-মুয়াজ্জিনের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে তিনি ইমামকে ঘুষি মারেন। এতে ইমামের নাক ফেটে যায়।
ঘটনার পর আহত ইমাম বন্দর থানায় মসজিদ কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তবে মসজিদ কমিটির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ইমাম নিজে পড়ে গিয়ে আহত হয়েছেন।
এ ঘটনায় আহলে সুন্নত ওয়াল জামাতসহ বিভিন্ন সুন্নি সংগঠন নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

