মো আলম, বান্দরবান প্রতিনিধি:
নতুন করে সরকারিভাবে নির্ধারিত হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ইতোমধ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাপার জরিপের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর ই আলম মো. জোবায়ের সারোয়ার এনডিসি পিএসসি। শুক্রবার রাতে ৮.০০ টায় বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা সরকারিভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাপার কাজ শুরু করেছি। বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং পাহাড়, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং-১ ও তাজিংডং-২, সাকাহাফং-১ ও সাকাহাফং- ২ এবং যোগিহাপংসহ মোট দশটি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করছেন সার্ভে অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিমাপ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া দুটি পাহাড়ের মধ্যে একটি ভারতের মিজোরাম অংশে পড়ায় দেশের অভ্যন্তরে আরেকটি পাহাড়ের পরিমাপ কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ‘এটি একটি খুব চ্যালেঞ্জিং কাজ কারন পাহাড়ি এলাকা যাতায়াত সমস্যা যোগাযোগ সমস্যা থাকা খাওয়ারও সমস্যা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এ জরিপ কাজ করতে হচ্ছে। তবে সেনাবাহিনী ও বিজবির সদস্যরা আমাদের সার্বিক সহযোগিতা করছে। তাদের সহযোগিতা ছাড়া এটা এতটা সহজ হত না।
উল্লেখ্য, বাংলাদেশের পর্বত শৃঙ্গ মাপায় এর আগে কখনও এ ধরনের জরিপ হয়নি।২০২২ সালে একবার মাপার কাজের উদ্যোগ নেয়া হলেও সেটি আর হয়নি।
এবার দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে সার্ভে অধিদপ্তরের চারটি গ্রুপের ২৭ জন সার্ভেয়ারের একটি দল। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সুউচ্চ পর্বতের উচ্চতা পরিমাপ করা হয়েছে। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি হবে, তা জানা যাবে আগামী ১ মে।

