উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ৪ নং ওটারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন সদস্য সচিব মোঃ কামরুজ্জামান টুলু মোল্লা।
জানা যায়, ২০১৪ সালে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপরীতে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সে সময় তিনি হামলা, মামলা ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া রাজনৈতিক কারণে একাধিক মামলার আসামি হয়ে একবার কারাভোগও করতে হয়েছে তাকে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দলীয় কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে আসছেন।
প্রার্থী কামরুজ্জামান টুলু মোল্লা বলেন, “দলীয় প্রতীকে নির্বাচন হলে আমি আমার অধিকার অনুযায়ী মনোনয়ন পাব বলে আশাবাদী। আর যদি দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন হয়, তবে ওটারা ইউনিয়নবাসী—বিশেষ করে প্রবাসী ভোটারদের সমর্থনে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হতে পারলে ওটারা ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর পদক্ষেপ নেবো। পাশাপাশি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কাজ করবো এবং যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যক্তিগত উদ্যোগে কর্মক্ষেত্র সৃষ্টি করবো।”

