জাহিদল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, একাডেমিক সুপারভাইজার আনোয়ার মিল্টন, সাংবাদিক শরিফুল ইসলামসহ আরও অনেকে।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে। এতে করে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

