বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানভিত্তিক, তাই রোগ নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত পদক্ষেপ অপরিহার্য। টিকাবিরোধী প্রচার উন্নত বিশ্বেও সমস্যা তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে হামের কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কিছু এলাকা এখন ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।
তিনি স্বাস্থ্য খাতে গবেষণা ও বাজেট বাড়ানোর ওপরও গুরুত্ব দেন এবং বলেন, কার্যকর গবেষণা ছাড়া রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

