কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ড্রোন ব্যবহার করে দ্বীপটিতে থাকা মার্কিন সেনাদের স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, এর আগে একাধিক হামলার আশঙ্কায় কুয়েতের আরিফজান ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে বুবিয়ান দ্বীপে স্থানান্তর করা হয়েছিল।
উল্লেখ্য, বুবিয়ান দ্বীপ কুয়েতের উপকূলীয় দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং এটি উপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
এদিকে, হামলার প্রভাবে কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

