ত্রয়োদশ জাতীয় সংসদের নবম কার্যদিবসে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কাছে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) সংসদে আবুল হাসনাত (কুমিল্লা-৪)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
অর্থমন্ত্রী শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর তালিকাও সংসদে উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্লান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে আদালতের নির্দেশনার কারণে এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে গণনা করা হয়নি।
অর্থমন্ত্রী বলেন, ঋণখেলাপি সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নজরদারি জোরদার করা হয়েছে।

