হাজার বছরের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ চারুকলার শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। রোববার (৫ এপ্রিল ২০২৬) সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমরা একে ‘আনন্দ শোভাযাত্রা’ও বলব না, আবার ‘মঙ্গল শোভাযাত্রা’ও বলব না। এই শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।” তিনি আরও উল্লেখ করেন যে, এই নামকরণ নিয়ে একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। সেই বিতর্ক ও বিভেদ দূর করে উৎসবের আমেজে সবাইকে ঐক্যবদ্ধ করতেই সরকার এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী পহেলা বৈশাখের অন্যান্য ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, পান্তা-ইলিশ বা কৃষকের ঘরে পায়েস রান্না—এগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোনো বিভাজন, মতভেদ বা সংঘাত চাই না। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর নামকরণ নিয়ে দেশের বিভিন্ন মহলে সামাজিক ও আইনি বিতর্ক দেখা দেয়। সেই বিতর্কের স্থায়ী সমাধানেই সরকার এই ‘মধ্যপন্থা’ অবলম্বন করল বলে ধারণা করা হচ্ছে।

