রাজধানীতে ফুটপাত ও সড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।
তিনি জানান, ফুটপাত দখলকারীদের বারবার সতর্ক করা হচ্ছে। তবে নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ।
অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের দোকানপাট সরিয়ে নিতে শুরু করেন বলে দেখা গেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন— রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান— একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করছে।
অভিযানের আওতায় রয়েছে রাস্তার পাশে গড়ে ওঠা খাবারের দোকান, গাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ধরনের স্থাপনা।
ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

