যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌচলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছে দেশটি, যেখানে প্রায় তিন ডজন দেশ অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সভাপতিত্ব করবেন এবং ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিরা যুক্ত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, বৈঠকে জ্বালানি ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখা, পাশাপাশি কূটনৈতিক ও নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে সমাধান খোঁজার বিষয়টি অগ্রাধিকার পাবে।
তবে এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিয়ে এই উদ্যোগ থেকে দূরেই রয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইউরোপীয় দেশগুলো এখন সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।
এ উদ্যোগকে অনেকেই ইউক্রেন যুদ্ধ পরবর্তী জোটভিত্তিক নিরাপত্তা কাঠামোর মতো একটি নতুন আন্তর্জাতিক সহযোগিতা প্রচেষ্টা হিসেবে দেখছেন।

