ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউট এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করা হবে।
এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
হামিদুর রহমান আযাদ আরও জানান, সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপ না এলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করে শুধুমাত্র সাংবিধানিক সংশোধনীতে সীমাবদ্ধ থাকতে চাইছে। পাশাপাশি বর্তমান সরকারকে স্বৈরাচারী প্রবণতার দিকে অগ্রসর হওয়ার অভিযোগও তোলেন তিনি।
এ সময় তিনি সংসদে সরকারি দলের ভূমিকা, মুলতবি প্রস্তাব এবং জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন।

