আসন্ন ঈদযাত্রা আরও সুশৃঙ্খল করতে চলতি ঈদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ রবিউল আলম।
বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদুল ফিতর-এর তুলনায় ঈদুল আজহা-এর যাত্রা আরও চ্যালেঞ্জিং হবে। কারণ, ঈদুল ফিতরে যেখানে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, সেখানে ঈদুল আজহায় প্রায় ১ কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করে—যা সড়ক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করে।
তিনি আরও জানান, দেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণ কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এদিকে, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে নতুন একটি যমুনা সেতু নির্মাণের সম্ভাবনাও সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী।

