শুটিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে টালিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, রোববার শুটিং চলাকালে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি একটি প্রকল্পের কাজে যুক্ত ছিলেন।
অভিনেতার মৃত্যুর পর মুক্তির অপেক্ষায় থাকা তাঁর শেষ ছবি ‘আইসিইউ’ ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সৌভিক দে পরিচালিত এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র ও দেবরাজ ভট্টাচার্য।
পরিচালক সৌভিক দে বলেন, রাহুল ছিলেন একজন দক্ষ অভিনেতা এবং অত্যন্ত প্রাণবন্ত মানুষ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। তিনি জানান, শুটিং চলাকালীন সময়েই রাহুল এই প্রজেক্ট নিয়ে গভীর আগ্রহী ছিলেন এবং এক পর্যায়ে মজা করে বলেছিলেন, এটি হয়তো তাঁর শেষ কাজও হতে পারে—যা এখন মর্মান্তিকভাবে স্মৃতিতে ফিরে আসছে।
অপ্রত্যাশিত এই মৃত্যুকে ঘিরে সহকর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন।

