৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী এপ্রিল মাসে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা অনুযায়ী কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুসারে ৪৭তম বিসিএসের বিভিন্ন ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছিল। ধারাবাহিকতা বজায় রেখে এবার লিখিত পরীক্ষার ফলও দ্রুত প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কমিশন।
গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী অংশ নেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ লাখ ৭৪ হাজার প্রার্থী আবেদন করেছিলেন এবং পরীক্ষার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে পিএসসি রেকর্ড গড়ে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮টি ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছরের নভেম্বরের মধ্যে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

