অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান আদালতে আবেদন করে জানান, অনুসন্ধানাধীন মানি লন্ডারিং মামলার স্বার্থে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
আবেদনে উল্লেখ করা হয়, তিনি এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগের মুখে রয়েছেন। সেই অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগও অনুসন্ধানাধীন রয়েছে।
তদন্ত কর্মকর্তাদের আশঙ্কা, তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন, ফলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রোধ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৪ মে একই আদালত তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

