জামায়াতে ইসলামীর আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির বলেছেন, গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। তাঁর মতে, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন।
তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর অনুষ্ঠিত গণভোট বাতিল হলে তার প্রভাব জাতীয় নির্বাচনের ফলাফলের ওপরও পড়তে পারে।
এছাড়া তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলেও বিএনপি কিছু বিষয়ে অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

