রাত প্রায় ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের নিজ বাসভবন থেকে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বের হন। সঙ্গে পুলিশ প্রটোকল থাকলেও তাঁর গন্তব্য সম্পর্কে কেউ অবগত ছিলেন না।
পরে তিনি সার্কিট হাউজে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাঘাবাড়ী অয়েল ডিপোর উদ্দেশে রওনা দেন। প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাত পৌনে ১২টার দিকে তাঁরা সেখানে পৌঁছান।
হঠাৎ এ সফরের কারণে ডিপোর গেটও তখন বন্ধ ছিল। গেটম্যান প্রথমে আগতদের পরিচয় জানতে না পারলেও পুলিশের উপস্থিতিতে গেট খুলে দেওয়া হয়। পরে ডিপো ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে এসে মন্ত্রীর সঙ্গে যোগ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী ডিপোর কার্যক্রম ঘুরে দেখেন এবং তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি অভিযোগ করেন, ডিপো থেকে তেল সরবরাহ করা হলেও বাজারে কোথাও কোথাও ঘাটতির পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী আরও জানান, সিন্ডিকেট বা অবৈধ তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদেরও বিষয়টি নজরদারিতে রাখার আহ্বান জানান তিনি।
বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে সরবরাহে কিছুটা রেশনিং ব্যবস্থা চালু থাকায় প্রতিদিন সীমিত সংখ্যক পাম্পে তেল পৌঁছাচ্ছে বলে জানা গেছে।

