প্রতিনিধি, কেন্দুয়া নেত্রকোনা :
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী আসন্ন ঈদকে সামনে রেখে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে বলেছেন, ঈদ উপলক্ষে কোনো পরিবহনে ভাড়া বাড়ানো যাবে না, আগে যা ছিল, তাই বহাল রাখতে হবে।
ঈদ উপলক্ষে কোনো পরিবহনে ভাড়া বাড়ানো যাবে না। আগে যা ছিল, তাই থাকবে। আর কেউ যদি চাঁদা চায়, তাহলে ওসি, ইউএনও, আমাকে বা সাংবাদিক ভাইদের জানাবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) তিনি সন্ধ্যার পর কেন্দুয়া বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড পরিদর্শন করে চালক, শ্রমিক ও কাউন্টার মালিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় তিনি যাত্রীদের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের সময় মানুষের যাতায়াত বেড়ে যায়, এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। এমন অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এমপির এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমপির এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এতে যাত্রীদের ভোগান্তি কমবে।
কেন্দুয়া উপজেলার সচেতন মহলের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের কঠোর বার্তা ও মাঠপর্যায়ের তদারকি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া সহ বিএনপির একাধিক নেতাকর্মী এবং বাস, সিএনজির চালক, শ্রমিক ও কাউন্টার মালিক।

