মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান তেকে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরে ফেরা মানুষ ও যানবাহন।
এদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সরেজমিন উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি যে কোন ধরনের অসংগতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া যাত্রীদের কাছে গিয়ে ভাড়া ও অন্যান্য বিষয়ে তাদের মন্তব্য গ্রহন করছেন। এ সময় তিনি জানান, এখনো পর্যন্ত বড় ধরণের কোন অসংগতি পাওয়া যায়নি। দৌলতদিয়া ঘাটে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যে তারা কঠোর অবস্থানে রয়েছে। সবমিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

