হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় ছাত্রদলের এক নেতা মো. শাকিল ফারহান মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫–২০ জন যুবক জোরপূর্বক প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও নেওয়া হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও মুরগি উদ্ধার করা যায়নি।
চুনারুঘাট থানায় ১৩ মার্চ রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানিয়েছেন, প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শাকিল ফারহান মিয়াকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

