স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ঘুষ নেওয়াই নয়, অফিসে সময়মতো উপস্থিত না হওয়াও বড় ধরনের দুর্নীতি।
শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আকস্মিক পরিদর্শন ও মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত রাখা, সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পান, সেই উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিদর্শনকালে অনুপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না পাওয়া এবং ডাক্তার-নার্সদের সময়মতো উপস্থিত না থাকার মতো অভিযোগ অনেক জায়গায় লক্ষ্য করা যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

