আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
র্যাব কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ১৭টি মামলার পলাতক আসামি মো. ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান ওরফে ফরিদ (৪০) কে গ্রেফতার করেছে। তিনি টেকনাফ উপজেলার নাজিরপাড়ার সিদ্দিক আহমদের ছেলে।
র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামি ফরিদ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া খেলার মাঠ এলাকা থেকে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল হত্যা, অস্ত্র, মাদক, মানি লন্ডারিং, সরকারি কাজে বাধা ও মারামারি মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে গ্রেফতার করে।
অভিযান পরিচালনাকালে ফরিদের নির্দেশে ১০০ থেকে ১৫০ জন লোক র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন র্যাব সদস্য আহত হন। ধৃত আসামির লোকজনের হামলায় অভিযানে ব্যবহৃত র্যাবের একটি সরকারি মোটরসাইকেল এবং অজ্ঞাতনামা আরও একটি মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
গ্রেফতার আসামি ফরিদ টেকনাফের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি টেকনাফের নাজিরপাড়া এলাকায় সন্ত্রাসীদের গডফাদার এবং অপরাধ জগতের দুর্ধর্ষ সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

