উপজেলা প্রতিনিধি, রামপাল বাগেরহাট
খুলনা–মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের মোট ৭ জন সদস্য, তার পুত্রবধূর পরিবারের ৫ জন এবং মাইক্রোবাস ড্রাইভার নিহত হন। দুর্ঘটনায় আহত আরও দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসক ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ। অন্য চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

