সত্যজিৎ দাস :
মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি যৌথ দল।
র্যাব-৯ সূত্রে জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের বিভ্রান্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৪ ধারায় সদর উপজেলার সড়ক বাজার এলাকার শাড়ি বিচিত্রা বিপনী বিতান-কে ১ লাখ টাকা এবং নিউমার্কেট এলাকার ব্রাহ্মণবাড়িয়া ক্লথ স্টোর-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,জনস্বার্থ রক্ষায় র্যাব নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।

