সত্যজিৎ দাস:
সিলেটে কৃষি বিপণন আইন লঙ্ঘনের অভিযোগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট নগরের কোতোয়ালী থানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিএসসি,সিলেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের একটি যৌথ দল এ অভিযান চালায়।
অভিযানে দেখা যায়,বেশ কয়েকটি প্রতিষ্ঠান কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করেনি। আইন অনুযায়ী এই রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক। এ বিধান অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড,অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
আইন লঙ্ঘনের দায়ে মো. আব্দুল হান্নানকে ৫ হাজার টাকা,মো. আকলিছকে ২ হাজার টাকা, আবির আহমেদকে ৫ হাজার টাকা,জুনেদ মিয়াকে ৫ হাজার টাকা,মো. কাদিরকে ৫ হাজার টাকা,জামিল আহমদকে ৪ হাজার টাকা,রিপন দাসকে ৫ হাজার টাকা,আনোয়ার আলীকে ৫ হাজার টাকা,লিলু মিয়াকে ২ হাজার টাকা, কামিল আহমেদকে ৩ হাজার টাকা,রাজা মিয়াকে ৮ হাজার টাকা এবং তানভীর আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫৪ হাজার টাকা।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

