জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে আসছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে বলেন, “বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য উদ্বেগের বিষয়।”
তিনি আরও অভিযোগ করেন যে, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের যে গতিশীলতা থাকার কথা ছিল, তা বর্তমানে ব্যাহত হচ্ছে। সেই কারণে নাহিদ ইসলাম দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানান এবং বলেন, “আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”
নাহিদ ইসলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে জনকল্যাণমূলক কাজের জন্য মনোনিবেশ করতে হবে।
ইফতার মাহফিলে ব্রিটিশ, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার এবং ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ফিলিস্তিন, স্পেন ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।
এনসিপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং নুসরাত তাবাসসুম প্রমুখ।

