পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের সব টিকিট এবারও অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে বাসের টিকিট অনলাইন ও কাউন্টার—দুইভাবেই বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুর এলাকার বিভিন্ন কাউন্টারে আগাম টিকিট সংগ্রহে যাত্রীদের ভিড় দেখা যায়। ১২ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠেনি। হাতে টিকিট পেয়ে ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। উল্লেখ্য, ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হবে ১৯ মার্চ থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সার্ভারের চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়া হচ্ছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে টিকিট সংগ্রহ করছেন। নির্ধারিত সময়ের আগেই অনেকেই অনলাইনে অপেক্ষায় থাকছেন পছন্দের ট্রেনের আসন নিশ্চিত করতে।
ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ যুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে।
এ ছাড়া যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে, যাতে জরুরি প্রয়োজনেও যাত্রীরা ভ্রমণের সুযোগ পান।

