বাস মালিক ও সমিতি সংগঠন সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করলে তা বৈধ হতে পারে, তবে অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “অবৈধ চাঁদাবাজি হতে দেওয়া হবে না।”
ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত বছর নৌ ও সড়কপথে ঈদযাত্রা সন্তোষজনক ছিল। এবারও যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে পাঁচ দিন করে মোট ১০ দিন সড়ক ও নৌপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

