পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি অবৈধ এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘এন আলম’ নামে নবনির্মিত ওই ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকেই স্টেশনটি থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। পরে রাত ১০টা ২০ মিনিটে ১৪ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকে বিকট বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের আশপাশের অন্তত ১০টি বসতবাড়ি এবং ২০ থেকে ২৫টি পর্যটকবাহী জিপ গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মালিকপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুন দ্রুত আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
কক্সবাজার সদর হাসপাতাল জানিয়েছে, দগ্ধদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে এবং অনুমোদনহীন ফিলিং স্টেশনটির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

