রাজধানীর রায়েরবাজারে একটি গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে, এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটেছে রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় পৌনে ৪টার দিকে, রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জিহাদ স্টোর জাহানারা ভিলা ভবনের নিচ তলার ভাড়া বাসায়।
দগ্ধরা হলেন: শেখ নেমান, তার স্ত্রী পিংকি আক্তার, ছেলে সানাফ শেখ মাইয়ান এবং শ্যালক রিয়াদ হাসান অপু। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে সেহরি করার সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। তাদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে জমে ছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চারজনের মধ্যে শেখ নেমান ৭০ শতাংশ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে সানাফ ৩৫ শতাংশ এবং শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।

