সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর প্রথমবার এমপি হয়েই নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, “সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।”
আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ খন্দকার আবদুল মুক্তাদীরকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেট নগরের তোপখানা এলাকায় জন্ম নেওয়া খন্দকার আবদুল মুক্তাদীর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী হলেও রাজনীতি শুরু করেন ২০১২ সালে। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কখনও তিনি জনপ্রতিনিধি হননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
খন্দকার আবদুল মুক্তাদীরের বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সভাপতি ছিলেন।
মন্ত্রিসভায় খন্দকার আবদুল মুক্তাদীরের শপথ নেওয়ার বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদীর। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও আনুগত্যের মূল্যায়ন তিনি পেয়েছেন। এ জন্য আমরা উচ্ছ্বসিত।”
এদিকে খন্দকার আবদুল মুক্তাদীর নিজেও আশ্বাস দেন, “দল যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।”

