সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
রবিবার বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৬৮)।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বিকালে র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করে। এসময় তার নিকটট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহের করে আসছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

