ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ ২০ বছর পর দল ক্ষমতায় ফিরলেও নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী সরকারি বাসভবন কোথায় হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’কে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা।
গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, যমুনা সুরক্ষিত রয়েছে। নির্দেশনা পেলে, খুব দ্রুততম সময়ের মধ্যে যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারবো।
তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার পাশেই ২৯ নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। নব্বইয়ের দশকে এ ভবনটি বরাদ্দ ছিলো তৎকালীন বিরোধী নেতাদের জন্য।

