মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (১২ ফেব্রুয়ারি) রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়িতে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। রাঙামাটি-২৯৯ আসনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলায় মোট ৩৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পৌরসভাসহ মারিশ্যা, বঙ্গলতলী, সাজেক ও অন্যান্য ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য; অনেক কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। প্রথমবার ভোট দিতে আসা তরুণ-তরুণী ও নবীন ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুর্গম পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতেও নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। আগেই নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরাপদে পৌঁছে দেওয়ায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম মাঠে সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়। ভোটারদের লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ভোটকক্ষে প্রবেশ ও গোপন কক্ষে ভোটদান নিশ্চিত করা হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে আমরা সন্তুষ্ট। আশা করছি আমাদের ভোট সঠিকভাবে গণনা হবে।”
নির্বাচন কমিশনের স্থানীয় সূত্র জানায়, ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই ব্যালট গণনা করা হবে এবং পরবর্তীতে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘোষণা করা হবে।

