বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে অবশ্যই আমরা মেনে নেব। তবে শর্ত হলো, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।”
তিনি ভোটারদের আহ্বান জানান যাতে তারা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, “আমরা সকলে মিলে চেষ্টা করি যেন ভোটাররা নির্ভয়ে তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা একসাথে চেষ্টা করতে পারি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য।”
ঢাকার কিছু কেন্দ্র ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “গতরাতেও কিছু চেষ্টা করা হয়েছিল, আজও সম্ভবত চেষ্টা অব্যাহত আছে। তবে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। গত এক যুগের বেশি সময় মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এখন তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”
জয়ের বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা আত্মবিশ্বাসী এবং আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী। আমরা যত আসন পেলে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারব, সেটুকুই আমাদের প্রত্যাশা।”
জাতীয় সরকার গঠনের সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, “যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।”
সারা দেশের ভোটের খবর জানতে চাইলে তারেক রহমান বলেন, “আমি বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, তাই পুরো দেশের বিস্তারিত খবর পাইনি। অফিসে ফিরে সংবাদ মাধ্যমের মাধ্যমে কিছু ঘটনা দেখছি। কিছু জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যা আমরা চাই না।”
তিনি আরও বলেন, “দেশের মালিক জনগণ। তারা যদি ভোট দিতে আসে, তবে ভোটের সংখ্যা যত বেশি হবে, সকল দলের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হবে। এসব ঘটনা ভালো নয়।”
ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমি এমন কোনো কারণ দেখি না। নির্বাচনের ফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে ভোটের ফল যত দ্রুত সম্ভব ঘোষণা করতে।”
তারেক রহমান উল্লেখ করেন, “আমরা ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণার জন্য সাধারণ সময় থাকে এবং এবারও মানুষ দ্রুত ফল জানতে পারবে।”
ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “ঢাকা শহরে যা দেখেছি, ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।”

