নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি চাকরিজীবীরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন। এটি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিন ছিল।
সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানার সুনির্দিষ্ট ঘোষণা না আসলে কঠোরতর কর্মসূচি নেওয়া হবে। এর অংশ হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার পরিকল্পনা রয়েছে।
তিন দিনের আন্দোলনের কারণে প্রশাসনের কার্যক্রম সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে স্থবিরতা বিরাজ করছে। অফিস বন্ধ থাকার কারণে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। কর্মচারীদের দাবি, দীর্ঘ সাত বছর বেতন বৃদ্ধি না হওয়ায় বর্তমান বাজারে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

