আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে কলকাতায় নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিলেও বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে ভারত সরকার ও বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, পশ্চিমবঙ্গে সম্প্রতি দুই নার্সের শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ বলা অতিরঞ্জিত। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব এবং কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে নজরদারি ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমান অবস্থার ভিত্তিতে ভ্রমণ বা বাণিজ্যে কোনো বিধিনিষেধের সুপারিশ করা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে বিসিসিআই। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয় এবং যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, নিপাহ ভাইরাসের সর্বশেষ আক্রান্ত ব্যক্তিদের অবস্থান ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাসাতে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা শঙ্কার কোনো কারণ নেই।
বিসিসিআই স্পষ্ট করেছে, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই। তবে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

