দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবার সিলেটের মাটিতে পা রেখেছেন। ১৭ বছর লন্ডনে অবস্থানের পর এটি ঢাকার বাইরে তার প্রথম সফর।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২২৭ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টার দিকে রওনা দিয়ে সিলেটে পৌঁছার পর তারেক রহমান প্রথমে যাত্রা করেন হযরত শাহজালাল (র.)-এর মাজারে।
বিএনপি মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, তারেক রহমান সিলেটে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশগ্রহণ করবেন এবং হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।

