এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ৭টি উপজেলা ও ৮টি পৌর সভার ২ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। ৬ মাস বয়সী থেকে ৫ বছরের কম বয়সী প্রতিজন শিশু পাবে হাম-রুবেলার টিকা। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক।
জানা যায়, জেলার সদর উপজেলা, সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর , দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ও উল্লেখিত উপজেলার ৮টি পৌর সভায় মোট টিকাদান কেন্দ্র রয়েছে ২ হাজার ৩১০টি।
প্রতিটি কেন্দ্রে টিকা প্রদান সুবিধা ২০ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০ মে পর্যন্ত কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত টিকাদান চলমান থাকবে।
এব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, স্বাস্থ্য বিভাগ এমআর আক্রান্ত শিশুদের সনাক্ত করে উপযুক্ত চিকিৎসা সেবা দিয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক। টিকাদান কর্মসূচী বাস্তবায়ন হলে পরিস্থিতির আরও উন্নতি হবে। কর্মসূচী বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

