বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর এ বিষয়ে গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। সেই মামলার ওয়ারেন্টের সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে রেড নোটিশ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এই পুরো গ্রেপ্তার প্রক্রিয়ায় দুবাই পুলিশকে সরাসরি সহায়তা করেছে ইন্টারপোল।
বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকুরিকালীন ও চাকরি-পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য মেলায় দুদক তাঁর বিরুদ্ধে আইনি অনুসন্ধান ও মামলা দায়ের করে। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

