সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ আগস্ট) সিন্দুরখান ও আশিদ্রোন ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধ সরবরাহ পথ বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সতর্কবার্তা হিসেবে সম্ভাব্য উত্তোলন স্থানে লাল পতাকা টাঙানো হয়। প্রশাসন জানিয়েছে,পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষিজমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
ইউএনও মো. ইসলাম উদ্দিন বুধবার (২০ আগষ্ট) বলেন,“নদী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শ্রীমঙ্গল প্রশাসন শূন্য সহনশীলতায় কাজ করছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আইন অনুযায়ী,উর্বর কৃষিজমির মাটি কাটা, ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন কিংবা পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ দণ্ডনীয় অপরাধ। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর অধীনে এসব অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
প্রশাসন আরও জানায়,’সেতু,কালভার্ট,রেললাইন, সড়ক,বাঁধ,বনাঞ্চল,সরকারি-বেসরকা রি স্থাপনা ও আবাসিক এলাকার কাছ থেকেও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ’।

