মক্কেলের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বার কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন তাদের নজরে আসার পর বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি তার বিরুদ্ধে আনা আর্থিক অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন বলেও উল্লেখ করা হয়।
প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সভায় সর্বসম্মতভাবে তার সনদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মাসদার হোসেন এক লিখিত বক্তব্যে দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে।
উল্লেখ্য, মো. মাসদার হোসেন ১৯৯৫ সালে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ছিলেন, যা পরবর্তীতে ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিতি পায়। অবসরের পর তিনি আইন পেশায় যুক্ত হন এবং পরে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

