লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ঘর থেকে বের হওয়ার একদিন পর ভাঙা দেওয়ালের চাপা পড়া অবস্থায় শাহীন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহীন স্থানীয় আয়েশা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী ও ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, রোববার (১৭ আগস্ট) দুপুরে মায়ের সাথে অভিমান করে শাহীন ঘর থেকে বের হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার দুপুরে নিজ ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাধীন ভবনের দেওয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে কখন থেকে সে দেওয়াল চাপা পড়ে রয়েছে তা নিশ্চিত করা যায়নি।
নিহতের বাবা শাহজাহান বলেন, শাহীন তার মায়ের স্বর্ণ হারিয়ে ফেলে। এতে বকাবকি করলে সে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, একদিন পর তার মরদেহ পেয়েছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

