স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে হতে হবে। তিনি বলেন, “জামায়াত নির্বাচন চায়, ফ্যাসিবাদের পুনরুত্থান নয়।”
রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জামায়াতপন্থি সংগঠন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) এ আয়োজন করে।
ডা. তাহের বিএনপিকে উদ্দেশ করে বলেন, “অনেকে বলে জামায়াত নির্বাচন চায় না। যারা এসব বলে, তাদের বলি আসুন পিআর নিয়ে বিতর্ক করি। পিআরে এত ভয় কেন? আপনারা তো বড় দল। মানুষ যদি আপনাদের চায়, তা পিআরেও সম্ভব।”
তিনি অভিযোগ করেন, “পুরনো পদ্ধতির নির্বাচন আর বিদেশিদের প্রেসক্রিপশন মেনে চলতে অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দেননি। মানুষের প্রত্যাশা আগে সংস্কার, তারপর নির্বাচন। ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের কথা বললেও তার আলামত এখনও নেই।”
ফ্যাসিবাদের সঙ্গে আপসের অভিযোগ
একইদিন জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশনের গোলটেবিল বৈঠকে ডা. তাহের বলেন, “জুলাই বিপ্লবের পর জনগণ যাদের ক্ষমতায় বসিয়েছে, তারাও ফ্যাসিবাদের সঙ্গে আপস করছে। সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে।”
অন্যান্য বক্তার মতামত
গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থানকে সংবিধানিক স্বীকৃতি না দিলে ভবিষ্যতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি হতে পারে। তার মতে, জনগণের স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন জরুরি।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এম কোরবান আলী।

